শহিদ সাজিদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তিন দিনব্যাপী ‘ষষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী’ শুরু হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, “ফটোগ্রাফি কেবল একটি শিল্প নয়, এটি ইতিহাস ধরে রাখার এবং সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল চর্চায় এ ধরনের প্রতিযোগিতা ও প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সোলায়মান বলেন, “শহিদ সাজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই প্রদর্শনী তরুণ আলোকচিত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। জবির শিক্ষার্থীদের ক্যামেরায় ধরা পড়া গল্পগুলো দর্শনার্থীদের ভাবাবে এবং অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস। নতুনদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই আমাদের এই প্রয়াস।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সদস্য এবং তরুণ আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তোলা নির্বাচিত সেরা আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

