চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন। সম্প্রতি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী ৬ মাসের জন্য গঠিত এডহক কমিটিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহাজাহান চৌধুরী শিপন মাননীয় সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীরের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাকে এই গুরুদায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
শিক্ষার মানোন্নয়ন নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে নবমনোনীত সভাপতি বলেন, “ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে ফটিকছড়ির একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করব।”
এদিকে শাহাজাহান চৌধুরী শিপন সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, তার দক্ষ ও গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে।

