amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দাঁতমারায় জামায়াতের কর্মীসভা: ইউপি নির্বাচনে একক প্রার্থী ব্যাংকার হাসান শামসুদ্দিন

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির দাঁতমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল কর্মীসভা ও একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় দাঁতমারা ইউনিয়নের ইউনুস এগ্রো কনভেনশনে এক জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলার সর্ববৃহৎ এই ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী হিসেবে হাসান শামসুদ্দিনের নাম ঘোষণা করা হয়। পেশায় ব্যাংকার হাসান শামসুদ্দিন এলাকায় একজন বিশিষ্ট মানবিক কর্ণধার হিসেবে সুপরিচিত।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমীর আলা উদ্দিন শিকদার।

অনুষ্ঠানে কনভেনশন সেন্টারে সমবেত শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে যখন হাসান শামসুদ্দিনকে দাঁতমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের একক প্রার্থী হিসেবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিজের নাম শুনে হাসান শামসুদ্দিন মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন।

পরে আবেগাপ্লুত কণ্ঠে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাসান শামসুদ্দিন বলেন, “দল ও সংগঠনের নেতৃবৃন্দ আমার ওপর যে সুমহান দায়িত্ব ও বিশ্বাস অর্পণ করেছেন, আমি তার যোগ্য কি না তা একমাত্র মহান আল্লাহ ভালো জানেন। এই গুরুদায়িত্ব ও আমানত রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। আমি কোনো পদের লোভ বা ব্যক্তি স্বার্থে রাজনীতি করি না, বরং মানুষের কল্যাণে এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই আজীবন কাজ করতে চেয়েছি।” তিনি আরও বলেন, “আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস যেন আমি আমার সততা, শ্রম ও মেধা দিয়ে রক্ষা করতে পারি, সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। দাঁতমারা ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে সুখে-দুঃখে তাদের একজন সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দিতে আমি সদা প্রস্তুত।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন শিকদার বলেন, “দাঁতমারা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় হাসান শামসুদ্দিন একজন যোগ্য ও সৎ প্রার্থী।” তিনি দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার বলেন, “দাঁতমারা ইউনিয়নের আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়ন এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে হাসান শামসুদ্দিনের কোনো বিকল্প নেই। তিনি শুধু একজন সফল ব্যাংকারই নন, বরং দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের সুখে-দুঃখে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ সততা ও যোগ্যতার পক্ষে রায় দেবে বলে আমাদের বিশ্বাস।” তিনি সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের মন জয় করে আগামী দিনে হাসান শামসুদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন ভুজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, সহকারী সেক্রেটারি আবু তাহের, সাবেক থানা আমীর নুর মুহাম্মদ আল কাদেরী, জিয়াউল হক জিয়া এবং দাঁতমারা ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিনসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।