শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফটিকছড়ির কর্ণফুলীর চা শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নুর উদ্দিন নুরু। এ সময় তিনি চা শ্রমিকদের সহায়তার পাশাপাশি পৌরসভার ৪টি মন্দিরের উন্নয়নে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
১৯ অক্টোবর পবিত্র মহা অষ্টমীর দিনে তিনি ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী চা বাগানের ১০ নম্বর লাইনের দুর্গামন্দির পরিদর্শন করেন। সেখানে চলমান পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং চা শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে যুবদল নেতা নুর উদ্দিন নুরু নিজস্ব তহবিল থেকে স্থানীয় প্রায় ৭০ জন দুস্থ ও অসহায় চা শ্রমিকের মাঝে শারদীয় নতুন বস্ত্র এবং আর্থিক অনুদান বিতরণ করেন। একই সাথে তিনি উক্ত মন্দিরের উন্নয়ন কাজের জন্য তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং আগামীতে মন্দিরের অবকাঠামোগত সংস্কার ও সরঞ্জমাদি সহায়তার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায়, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়নে ফটিকছড়ি পৌরসভার ৪টি মন্দিরের জন্য মোট ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন এই যুবদল নেতা।
অনুষ্ঠানে উপস্থিত চা শ্রমিক, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবদল নেতার এই বৃহৎ মানবিক ও সম্প্রীতির উদ্যোগের উচ্চ প্রশংসা করেন। দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা নুর উদ্দিন নুরু-র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূজা মণ্ডপ পরিদর্শন ও সহায়তা বিতরণকালে স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

