কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াচ্ছে আজ। ফাইনালে ওঠার লড়াই মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা ও গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। ফিফা র্যাংকিংয়ে ক্রোয়েশিয়া থেকে ৯ ধাপ এগিয়ে আলবিসেলেস্তেরা। মেসিদের বর্তমান র্যাংকিং ৩।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় কাতারের লুসাইল স্টেডিয়ামে গড়াবে হাইভোল্টেজ ম্যাচটি।
বিশ্বকাপ আসরে এটি আর্জেন্টিনার পঞ্চম সেমিফাইনাল। এর আগেও চারটি সেমিফাইনাল খেলেছে তারা। যেখানে কখনই হারেনি আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরেই সেমিফাইনালে অংশ নেয় আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপ এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ।
১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুললেও সেবারের টুর্নামেন্টের ফরম্যাটটা ছিল ভিন্নরকম। আর্জেন্টিনায় হওয়া সে বিশ্বকাপে প্রথমে ১৬টা দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলে। সেই চার গ্রুপের আট দল আবার দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়। এই দুই গ্রুপের সেরা দুই দল খেলে ফাইনাল।

