amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নষ্ট করা হবে ফৌজদারি মামলার সাড়ে ৮৭ হাজার নথি

মো.রাসেল সরকার
ডিসেম্বর ২৯, ২০২২ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রেকর্ড শাখায় থাকা তিন বছরের অধিক পুরাতন সাড়ে ৮৭ হাজারের বেশি ফৌজদারি মামলার নথি নষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস ১৯৭৩ অনুসারে এসব নথি নষ্ট করা হবে।

তবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে নথির বিষয়ে কেউ যোগাযোগ করলে তা নষ্ট করা হবে না। এরইমধ্যে এসব নথির তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর নথিগুলো নষ্টের বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-১) নাসরিন সুলতানা। এ বিজ্ঞপ্তির অনুলিপি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ৮৭ হাজার ৭৪০টি ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথি নষ্ট করা হবে।

ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে যোগাযোগের অনুরোধ করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।