হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় টিলা ও ছড়া হতে অবাধে অবৈধভাবে মাটিকাটা ও পরিবহনের দায়ে এমরান নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা এমরানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারা ভঙ্গের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান বলেন, গভীর জঙ্গলের পাহাড়গুলোতে এ ধরনের অবৈধভাবে মাটিকাটা হয় বলে অভিযোগ পাওয়া যায়। যেহেতু এই এলাকাগুলোতে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তাই গাড়ি একটি নির্দিষ্ট জায়গায় রেখে প্যারালাল খাল পার হয়ে পায়ে হেঁটে এই গভীর জঙ্গলের পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এই চক্রের সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান করে। যখনই তারা প্রশাসন বা পুলিশের গাড়ি দেখে তখনই তারা মোবাইলের মাধ্যমে সকলকেই অবহিত করে। মাটি ভর্তি গাড়ি রেখেই ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে মালিক ও ড্রাইভারকে সেই স্থানে ডেকে আনা হয়। তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবে না মর্মে অঙ্গীকার করেন। অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

