amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী শনির আখড়ায় ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

মো. রাসেল সরকার
জানুয়ারি ১৩, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ির শনির আখড়ায় থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা লেগে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাছ ব্যবসায়ী মো. পলাশ (৫০) ও সিএনজি অটোরিকশাচালক মমিন মিয়া (৩৭)। আহতরা হলেন, মাছ ব্যবসায়ী শাহ আলী (৩৭) ও সুমন মিয়া (৪০)।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান জানান, যাত্রাবাড়ি থানার শনির আখড়া ধনিয়া কলেজের সামনে আজ ভোর ৫টার দিকে থেমে থাকা একটি ট্রাকের পেছনে নারায়ণগঞ্জের চর মুক্তারপুর থেকে ঢাকায় আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে চালকসহ চার সিএনজি আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মমিন ও পলাশকে মৃত ঘোষণা করেন। সুমন এবং শাহ আলী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও জানান, হতাহতরা চর মুক্তারপুর এলাকার বাসিন্দা। যাত্রাবাড়ি মাছের আড়ৎ থেকে মাছ কিনে চর মুক্তারপুরে যাচ্ছিলেন তারা। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত মো. মমিন মিয়ার মামা ফারুক হোসেন জানান, সিএনজি অটোরিকশাচালক মমিন প্রায় প্রতিদিনই চর মুক্তারপুর থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে ঢাকার যাত্রাবাড়িতে আসেন এবং মাছ কিনে আবার মুক্তার ফিরে যান। আজ সকালে ফোনে এ দুর্ঘটনার তথ্য পেয়ে ঢাকা মেডিক্যালে আসেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।