amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৫ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‘রাস্তা না থাকলে চলব কেমনে?’—হাহাকার গুমানমর্দনবাসীর, পাশে দাঁড়ালেন ইউএনও

আবু নোমান
মে ১৫, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

‎চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফয়জুল্লাহ সারাং বাড়ি এলাকার একমাত্র চলাচলের রাস্তাটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংস্কারের অভাবে সড়কটি এখন পাশের খালে বিলীন হওয়ার পথে। এলাকাবাসীর চরম দুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মুমিন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ইউএনও-র কাছে তাদের কষ্টের কথা তুলে ধরেন। তারা জানান, গত বন্যার পর থেকে এই সড়ক দিয়ে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যদি টেকসই বাঁধ দিয়ে সড়কটি সংস্কার করা না হয়, তবে পুরো রাস্তাটিই খালের গর্ভে হারিয়ে যাবে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়বে কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা।

সড়কটির বেহাল দশা এবং স্থানীয় জনগোষ্ঠীর দুর্ভোগ পর্যবেক্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মুমিন।

এসময় তিনি আরো বলেন, “৯ নম্বর ওয়ার্ডের এই অবহেলিত জনপদটির চলাচলের একমাত্র পথটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের গুরুত্ব বিবেচনা করে আমরা দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নিচ্ছি। জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে ।

‎​পরিদর্শনকালে ইউএনও-র সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। তারা সড়কের ভাঙন কবলিত অংশের কারিগরি দিকগুলো খতিয়ে দেখেন এবং স্থায়ী সংস্কারের নকশা নিয়ে আলোচনা করেন।

স্থানীয়রা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আসন্ন বর্ষার প্রবল বৃষ্টি শুরু হওয়ার আগেই কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।