বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টানা তৃতীয়বার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজায় সেভেন ব্রাদার্স গ্রুপ অপ কোম্পানি’র চেয়ারম্যান ও হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের আলহাজ্ব নূরুল আলমের ছেলে মোহাম্মদ আনিস উদ্দিন।
২০২০, ২১ ও ২৩ সালে বৈধ পথে রেমিট্যান্স ক্যাটাগরিতে এই খ্যাতি অর্জন করেন তিনি। সম্প্রতি প্রবাসী দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী ওসমান মিলায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের কাছ থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন আনিস উদ্দিন ও তার দুই সহোদর নাজিম উদ্দীন শাহাবুদ্দীন।
সর্বোচ্চ সম্মানে সম্মানিত করায় বাংলাদেশ সরকারকে অশেষ ধন্যবাদ জানিয়ে টানা তিনবারের সিআইপি নির্বাচিত হওয়া আনিস উদ্দিন বলেন, এক যুগেরও বেশি সময় ধরে তাদের সেভেন ব্রাদার্স অফ কোম্পানির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যরা সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করছেন। সকলেই বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। ভবিষ্যতে এ কোম্পানির আরো ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করে প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সর্বোচ্চ রেমিটেন্সে যেন অবদান রাখতে পারেন সে লক্ষেই কাজ করে যাচ্ছেন তিনি। ভিসা জটিলতা দ্রুত সমাধানে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। যাতে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন প্রবাসীরা।
এদিকে নিজ এলাকার কৃতি সন্তান আনিস উদ্দিন তিনতিনবার সিআইপি অর্জন করায় ধন্যবাদ জ্ঞাপন করে গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান বলেন, বৈধ ভাবে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি অর্জন করায় শুধু নিজের সুনাম বয়ে আনেনা বয়ে আনে নিজ এলাকা তথা দেশের সুনাম। একইসাথে এ অর্জন অন্যকে উৎসাহিত করে। অবৈধভাবে রেমিটেন্স পাঠালে অধিকাংশ সময় প্রবাসীর কস্টার্জিত টাকা আত্মসাতের ঘটনা ঘটে। পরিষদে বিচার সালিশ হলেও কোন ডকুমেন্টস দিতে না পারায় সে টাকাও উদ্ধার করা সম্ভব হয়না। জানা গেছে, বাংলাদেশ সরকারের দেয়া সি আই পি মর্যাদায় প্রতি বছর প্রবাসীদের তালিকা দীর্ঘতর হচ্ছে। এবার দুই বছরের তালিকা এক সাথে ঘোষণা দেয়ায় নতুন সিআইপির সংখ্যা বেড়েছে। এর মধ্যে গুমানমর্দ্দন ইউনিয়নের কৃতি সন্তান আনিস উদ্দিন তিনবার সিআইপি সম্মাননা অর্জন করেছেন।

