amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল প্রতিনিধিদের প্রতিবাদী সমাবেশ

আবু নোমান
মে ১১, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং গ্রেফতারি হয়রানির প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

​হাটহাজারী উপজেলা ফারিয়া (PHARIA) এবং ম্যানেজারস ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত কয়েক শতাধিক প্রতিনিধি অংশ নেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে রিপ্রেজেন্টেটিভদের ওপর অশালীন আচরণ এবং হয়রানির তীব্র নিন্দা জানান।

​হাটহাজারী ফারিয়ার সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমির হোসেন।

​সভাপতির বক্তব্যে আমির হোসেন বলেন, “ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিরা স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনকভাবে তাদের ওপর মিথ্যা অপবাদ ও গ্রেফতারি হয়রানি চালানো হচ্ছে। আমরা অবিলম্বে এই ধরণের হয়রানি বন্ধ এবং ওষুধ প্রতিনিধিদের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি।”

​মানববন্ধনে বক্তারা আরও বলেন, রিপ্রেজেন্টেটিভরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে ডাক্তারদের কাছে ওষুধের বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেন। অথচ বর্তমানে তাদের মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ এবং পেশাগত সম্মান নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

​এ সময় অন্যান্যের মধ্যে হাটহাজারী ফারিয়ার উপদেষ্টা মণ্ডলী, ক্যাবিনেট সদস্যবৃন্দ এবং হাটহাজারী ম্যানেজারস ফোরামের সভাপতি, সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।