amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জনগণের সেবক হিসেবেই মাঠ প্রশাসনকে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রশাসনের মূল দায়িত্ব যে জনগণের সেবা নিশ্চিত করা, মাঠপর্যায়ের কর্মকর্তাদের তা মনে রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, জনগণের ওপর কর্তৃত্ব নয়, বরং আন্তরিকতা ও সেবার মানসিকতা নিয়েই মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের বিকল্প নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়াতে হবে। একই সঙ্গে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেশের ১৮ কোটি মানুষই রাষ্ট্রের প্রকৃত মালিক এ কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকারি কর্মকর্তাদের মানসিকতায় সবসময় জনগণের সেবার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত। জনগণের প্রতি দায়বদ্ধতা ও সেবার মনোভাব নিয়েই প্রশাসনকে এগিয়ে যেতে হবে।

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।