শিক্ষক—শুধু শ্রেণিকক্ষে পাঠদান করা একজন মানুষ নন; একজন শিক্ষার্থীর স্বপ্ন দেখা, নিজেকে গড়ে তোলা এবং ভবিষ্যতের পথ বেছে নেওয়ার পেছনেও থাকে কোনো না কোনো শিক্ষকের অবদান। প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। শিক্ষক দিবসকে ঘিরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মাঝেও উঠে এসেছে শিক্ষকদের নিয়ে নানা অনুভূতি, স্মৃতি, প্রত্যাশা ও আক্ষেপ।
নোবিপ্রবি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমা আক্তারের কাছে সবচেয়ে প্রিয় শিক্ষক তাঁর কলেজের দুই শিক্ষক জাহিদ স্যার ও হাবিব স্যার। বিশ্ববিদ্যালয়ে আসার পেছনেও তাঁদের অনুপ্রেরণার কথা উল্লেখ করে তিনি বলেন, “ইতিহাসকে প্রশ্ন করতে হবে”—জাহিদ স্যারের বলা এই কথাটি জীবনের প্রতিটি ঘটনা বিশ্বাস করার আগে তিনি মনে রাখেন। আর হাবিব স্যারের কাছ থেকে পেয়েছেন পরিশ্রমী ও অধ্যবসায়ী হওয়ার অনুপ্রেরণা।
নাঈমার মতে, “আদর্শ শিক্ষক তিনি, যিনি কেবল পড়ান না; বরং একজন শিক্ষার্থীকে সফলতার পথ দেখান এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করেন।” নোবিপ্রবির শিক্ষকদের প্রতি তাঁর প্রত্যাশা, শিক্ষার্থীদের সঙ্গে তাঁরা যেন আরও সহজভাবে মেশেন, নিয়মিত ক্লাস নেন এবং যথাসময়ে সিলেবাস শেষ করেন।
বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়েও আক্ষেপ রয়েছে নাঈমার। তাঁর ভাষায়, “কেমন যেন রোবোটিক এক সম্পর্ক। দুই পক্ষই স্বার্থ নিয়ে থাকে। এ দিকটির উন্নতির প্রয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীর হোক আত্মার সম্পর্ক, যা রক্তের সম্পর্কেও হার মানাবে।”
একই ধরনের প্রত্যাশার কথা জানিয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজেদা বেগম। তাঁর মতে, একজন আদর্শ শিক্ষক এমন হবেন, যিনি খেয়াল রাখবেন তাঁর শিক্ষার্থী তাঁর কাছ থেকে কতটুকু শিখতে পারছে। শুধু দায়িত্ব পালনের জন্য পাঠদান নয়, শিক্ষার্থীদের শেখানো এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষকের মূল লক্ষ্য হওয়া উচিত।
মাজেদা মনে করেন, শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে না দেখে হাজারো আদর্শ মানুষ গড়ার দায়িত্ব হিসেবে দেখা উচিত। তাঁর মতে, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ‘গুরু-শিষ্যের’ ঐতিহ্যবাহী সম্পর্ক থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। এর জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদেরও নিজ নিজ জায়গা থেকে দায়বদ্ধ হতে হবে।
তবে শিক্ষকের সংজ্ঞাকে আরও বিস্তারিতভাবে দেখেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান। তাঁর কাছে জীবনের প্রথম শিক্ষক তাঁর মা। তিনি বলেন, “জীবনের প্রতিটি ধাপে যার শিক্ষা আমার পাথেয়, যে শিক্ষা ক্লাসের চার দেয়ালে সীমাবদ্ধ নয়—বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার চেয়েও বড় যে শিক্ষা, তা আমাকে দিয়েছে আমার আম্মু।”
বিপদে ধৈর্য ধারণ, সাফল্যে বিনয়ী থাকা এবং ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়ার শিক্ষা তিনি মায়ের কাছ থেকেই পেয়েছেন বলে জানান। মায়ের উপদেশ, স্নেহময়ী শাসন ও উৎসাহ তাঁর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষক দিবসে নিজের সেই ‘প্রথম শিক্ষক’-এর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান ইসরাত।
শিক্ষকদের কাছ থেকে পাওয়া মূল্যবোধ ও অনুপ্রেরণার কথা জানিয়েছেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিমা। তিনি বলেন, “শিক্ষক শুধু আমাদের পড়ান না, তাঁরা স্বপ্ন দেখতে শেখান, ভেঙে পড়লে সাহস দেন এবং ভুল হলে সঠিক পথ দেখান। কখনো তাঁদের শাসন কঠিন মনে হলেও, আজ বুঝতে পারি—সেই শাসনের আড়ালেও ছিল আমাদের প্রতি গভীর ভালোবাসা ও ভালো করার আকাঙ্ক্ষা। একজন শিক্ষকের একটি কথা কিংবা একটু উৎসাহ একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। আমার সকল শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা।”
একই ব্যাচের শিক্ষার্থী আলামিন বলেন, “শিক্ষকদের অবদান শুধু পড়াশোনায় নয়, তাঁরা আমাদের সঠিক পথ দেখান ও ভালো মানুষ হতে শেখান। আমার স্কুলজীবনের শ্রদ্ধেয় শিক্ষক তাপস কুমার পাল স্যারের কাছ থেকে বইয়ের জ্ঞানের পাশাপাশি জীবনে এগিয়ে যাওয়ার অনেক মূল্যবান শিক্ষা পেয়েছি। তিনি আজও আমার অনুপ্রেরণার অন্যতম উৎস।”
অন্যদিকে, শিক্ষক দিবসকে শুধু শিক্ষকদের সম্মান জানানোর দিন হিসেবে দেখেন না ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম মনজু। তাঁর কাছে এটি শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা ও অনুপ্রেরণাকে স্মরণ করারও একটি বিশেষ দিন। তাঁর মতে, প্রিয় শিক্ষকদের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো—জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়া এবং প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যের প্রতি অটুট থাকা।
নজরুলের মতে, একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো শিক্ষার্থীদের বুঝতে পারার মানসিকতা। শিক্ষার্থীর দুর্বলতা, স্বপ্ন ও সম্ভাবনা বুঝতে পারলে একজন শিক্ষক শুধু শিক্ষক থাকেন না, হয়ে ওঠেন একজন পথপ্রদর্শক। তাঁর প্রত্যাশা, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যেন শিক্ষকদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা, উৎসাহ ও মানসিক সমর্থন পায়।
শিক্ষার্থীদের বক্তব্যে শিক্ষক দিবসে যেমন উঠে এসেছে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, তেমনি উঠে এসেছে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও মানবিক ও আন্তরিক করার প্রত্যাশাও। তাঁদের প্রত্যাশা, শিক্ষকরা একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও সংকটের জায়গাগুলোতেও পাশে থাকবেন। একই সঙ্গে শিক্ষার্থীরাও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ ও আন্তরিকতা বজায় রাখবে। পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার এই সম্পর্কই একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলতে পারে।

