লক্ষ্মীপুরের রায়পুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল আনোয়ার টিপু’র পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
১০ জন নিয়মিত শিক্ষকের মধ্যে ৯ জনই এ আন্দোলনে শামিল হয়েছেন। নানান অভিযোগ এনে সাধারণ শিক্ষকরা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচী পালন করছেন। ওই সময় শিক্ষকরা কাসে না গিয়ে মাঠে বসেছিলেন।
সোমবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচী চলে। অধ্যক্ষের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা।
উদ্বুদ্ধ পরিস্থিতিতে ছাত্রীরা দীর্ঘসময় পর কলেজ ত্যাগ করেন। দীর্ঘদিন থেকেই কলেজটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বিরোধ চলে আসছে। পাল্টাপাল্টি অভিযোগে অচলাবস্থা দেখা দিয়েছে কলেজটিতে। সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) মোহাম্মদ ইসমাইল, সহকারী অধ্যাপক (সমাজ বিজ্ঞান) উম্মে হানী, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস) মোঃ নাজমুল হাসান, প্রভাষক (ব্যবস্থাপনা বিভাগ) জেবুননেছা বলেন, দীর্ঘদিন থেকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল আনোয়ার টিপু বিভিন্ন অনিয়ম করে আসছেন।
আমরা ইতোমধ্যে তাঁর অনিয়মগুলো লিখিতভাবে সভাপতিকে অবহিত করেছি। তাঁর তহবিল সরুপ, ক্ষমতার অপব্যবহার,গোপন নিয়োগের পাঁয়তারা, শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করা, শৃঙ্খলা ভঙ্গ, শিক্ষক হয়রানিসহ বিভিন্ন অনিয়ম সীমার মাত্রা অতিক্রম করায় আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচী চলবে।
এ বিষয়ে রায়পুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল আনোয়ার টিপু বলেন, ‘কলেজ পরিচালনায় শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ায় ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করেছেন। অভিযোগগুলো ভিত্তিহীন। নিয়মানুযায়ী আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। বিষয়টি পরিচালনা কমিটির বৈঠকে উত্থাপিত হলে অডিট কমিটি করা হয়েছে। সেই কমিটিকেও তাঁরা সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না।
কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী সুমন বলেন, ‘কলেজটিতে নানান সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করছি সব পক্ষকে শান্ত রেখে কলেজটিকে এগিয়ে নিতে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ১০ জন শিক্ষকের মধ্যে ৯জনই প্রতিবাদ জানাচ্ছেন। শৃঙ্খলা রক্ষায় তিনিও ব্যর্থ হয়েছেন।
এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুবনা চৌধুরীর বলেন, ‘শিক্ষকদের বিরোধ ও অভিযোগগুলো নিয়ে ইতিমধ্যে একবার বৈঠক করা হয়েছে। আবারো সব পক্ষকে নিয়ে বৈঠক করে এগুলোর সমাধান করে দেওয়া হবে।

