হাটহাজারীতে মরা গাছের ডাল পড়ে শামসুন্নাহার (৩২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে আটটায় উপজেলা ফতেপুর ইউপি ৮নং ওয়ার্ড মদনহাট বাজারের পূর্বপাশে এ ঘটনাটি ঘটে। নিহত শামসুন্নাহার ওই এলাকার প্রবাসী জাফর আহম্মদের স্ত্রী। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা বলেন, মৃত অবস্থায় স্বজনরা শামসুন্নাহার নামের এক মহিলার লাশ নিয়ে আসে। পরে লাশটি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।
লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ফতেপুর এলাকা থেকে শামসুন্নাহার নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু জিডি ৬৫৫/২২ করা হয়েছে।

