হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে ঐ এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার তথ্য পাওয়া যায়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১টি এক্সেভেটর ও ১ টি ড্রাম ট্রাক সহযোগে কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।তথ্য পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম অভিযান পরিচালনা করেন। এসময় আনসার সদস্যগন সহযোগিতা করেন।

অভিযানের তথ্য পেয়ে এক্সেভেটর ও ড্রাম ট্রাকের চালক পালিয়ে গেলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় রুবেল ও জুয়েল নামে ২ জনকে আটক করা হয়। পরে ড্রাম ট্রাকের জন্য জুয়েলকে ৫০ হাজার ও রুবেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।

