১২ জানুয়ারি ২০২৩ সকাল ৯:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক। চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শরীর ও মন ভালো রাখতে নিয়মিত খেলাধুলা চর্চার বিকল্প নেই। খেলাধুলা ও ক্রীড়াপ্রতিযোগিতা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি এনে দেয় এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার অধিকারী হতে শিক্ষা দেয়’। মাননীয় উপ-উপাচার্য শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান। পরে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় পতাকা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ রঙিলা চাকমা। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সুজিত কুমার দত্তকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ উক্যএ মারমা ইমুকে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের কৃতি ক্রীড়াবিদ সুপ্তা দাস এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হলের শিক্ষার্থী খুরশিদা জাহান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর বড়ুয়া।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

