amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৯ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জকসু ভিপি-জিএস-এজিএস কর্তৃক শিক্ষক হেনস্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জবি ছাত্রদলের

জবি প্রতিনিধি:
আগস্ট ৯, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি, জিএস ও এজিএসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের শারীরিকভাবে হেনস্তা ও মব তৈরির চেষ্টার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (৮ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) মো. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সহকারী প্রক্টরসহ সম্মানিত শিক্ষকরা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে জায়গা না থাকায় এবং জকসুর ভিপির নিরাপত্তার স্বার্থে অডিটোরিয়ামের গেট বন্ধ করা হয়। তবে ভেতরে জায়গা না থাকা সত্ত্বেও জকসুর ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের নেতৃত্বে গেট খোলার জন্য ধাক্কাধাক্কি ও লাথি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ছাত্রদলের দাবি, এর ফলে ভেতরে থাকা প্রক্টর, সহকারী প্রক্টর ও সম্মানিত শিক্ষকরা বাইরে আসেন। পরবর্তীতে জকসুর ভিপি রিয়াজুল ও জিএস আরিফ প্রক্টর স্যারের সঙ্গে শারীরিকভাবে হেনস্তামূলক আচরণ করেন। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, শিক্ষকরা ওই ঘটনার সময় ‘মব’ থেকে রেহাই পাননি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সারাদেশে শিবিরের ‘অব্যাহত সন্ত্রাস ও মবের ধারাবাহিকতায়’ শিক্ষকদের ওপর এ হামলা করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে এমন কর্মকাণ্ডে জড়িত হয়ে জকসুর ভিপি, জিএস ও এজিএস তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী কাজ করেছেন।

এ ঘটনায় জকসুর ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদসহ ঘটনাস্থলে উপস্থিত শিবিরের ‘সন্ত্রাসীদের’ বিচারের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একই সঙ্গে তাদের ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা এবং জকসুর ব্যানার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে না দেওয়ার দাবিও জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত দাবি জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।