জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারুকলা বিভাগের আয়োজনে তৃতীয় বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে ১৯৫ জন শিল্পীর ৩৪৫ টি প্রদর্শনী শিল্পকর্ম স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য ও প্রিন্টমেকিং। তিনটি মাধ্যমে বেসিক কোর্সসহ মাল্টিডিসিপ্লিনারি বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় পুরোটা জুড়ে তৃতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শিত।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব অল্প সময়ে শিক্ষা ও সাহিত্য চর্চায় অনেক এগিয়ে যাচ্ছে। আমরা এখন নিজেদের শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছি।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে ২০ অক্টোবর এবং আগামীকাল ৩০ অক্টোবর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীটি শেষ হবে। শিল্পকলা প্রদর্শনীতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য, ব্যাসিক কোর্স এই চার ক্যাটাগরিতে প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চার ক্যাটাগরিতে ১৪টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
প্রদর্শনী প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীল ও সৃজনশীল মনোভাবের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে। এ ধরনের প্রদর্শনী, নাট্য উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন হওয়া উচিত।
তৃতীয় বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসেন জানান, আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী গ্যালারি নেই। শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে গ্যালারি তৈরির কাজ করে থাকে। তাছাড়া ডিপার্টমেন্টে সেমিস্টার সিস্টেম হওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষার চাপে থাকে, তার উপর এই গ্যালারি তৈরির অতিরিক্ত কাজ করা লাগে। আমাদের এই শিল্পকর্ম প্রদর্শনীতে শিক্ষার্থীদের অবদান ও পরিশ্রমটাই মুখ্য।
চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান বলেন, আমরা বছরের বিভিন্ন সময় শিক্ষক-শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে এমন প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা করছি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উৎসবের আমেজ তৈরি করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

