জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেনকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রতিবাদ জানিয়েছে জবি নীল দল।
২৭ অক্টোবর (বৃহস্পতিবার) নীল দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। আমরা সকলে অবগত আছি যে, বিগত বছরগুলোতে জাতীয় পর্যায়ে শিক্ষা, গবেষণা, ক্রীড়া শিল্প- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অর্জন তা কেবল আমাদের জন্যই শ্লাঘার বিষয় নয়, বরং সমগ্র দেশের অন্যান্য
বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও অনুপ্রেরণামূলক। তার মধ্যে সাম্প্রতিক সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু সূচকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাফল্য ঈর্ষনীয়। আর এর নেপথ্যে আপনার যোগ্য নেতৃত্বের পাশাপাশি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীর সকলের যৌথ প্রচেষ্টা মূল নিয়ামক হিসেবে কাজ করেছে।
এ সমস্ত অর্জনে বিশ্ববিদ্যালয়ের যেমন সামষ্টিক অবদান রয়েছে তেমনি শিক্ষক-ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত সাফল্য ও বিদ্যমান। কিন্তু দুঃখের বিষয় এই যে, বেশ কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক, সহকারী অধ্যাপক জনাব মোঃ আবু সালেহ সেকেন্দার তার ফেসবুক প্রোফাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি এবং সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সম্পর্কে বেশ কিছু উস্কানিমূলক পোস্ট দিয়ে তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন যা গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এর শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন অর্জন নিয়ে নিজের সাথে তুলনা করার পাশাপাশি সে সম্পর্কে প্রশ্ন তুলেছেন যা অনাকাংখিত ও অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের জন্য অত্যন্ত মর্যাদা হানিকর। শুধু তাই নয় এ বছর গবেষণাধর্মী গ্রন্থ লেখার উপর অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বর্ণপদক প্রাপ্তিকেও কৌশলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে অর্জিত মর্যাদা যেমন ক্ষুন্ন হয়েছে তেমনি এ ধরনের পুরস্কার প্রদানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর যোগ্যতাকেও তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল মনে করে। আমরা নীলদলের শিক্ষকবৃন্দ এজন্য অত্যন্ত সংক্ষুব্ধ এবং দ্ব্যর্থহীন ভাষায় এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
এমতাবস্থায়, ফেসবুক এ এধরনের পোস্ট প্রদান করে শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তী ক্ষুন্নকারী জনাব মোঃ আবু সালেহ সেকেন্দার এর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নীলদলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।
উক্ত বিষয়ে অধ্যাপক মো. আবু সালেহ সেকান্দারের সাথে ফোনে যোগাযোগ এর চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

