amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৯ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

জাবি প্রতিনিধি:
নভেম্বর ৯, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩এর ফাইনালে ইতিহাস বিভাগকে ট্রাইবেকারে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অর্থনীতি বিভাগ। বুধবার (৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে শুরু হওয়া এই ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ইতিহাস বিভাগ। যথাক্রমে ১৯ ও ২২ মিনিটে গোল দুইটি করেন ৪৯তম আবর্তনের আসিফ ও সোহান। দ্বিতীয় গোল হজমের ৬ মিনিট পর প্রথম গোলের প্রতিশোধ নেয় অর্থনীতি বিভাগ। ম্যাচের ২৮ মিনিটে ৫০তম আবর্তনের অনিকের করা এই গোলটি ছিলো পুরো টুর্নামেন্টে ইতিহাস বিভাগের হজম করা প্রথম গোল। ম্যাচের ৪৫ মিনিটে ডিবক্সের বাহির থেকে অসম্ভব সুন্দর একটি গোল করে অর্থনীতি বিভাগকে সমতায় ফেরান ৪৫তম আবর্তনের সাগর।

নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। টাইব্রেকারে অর্থনীতি বিভাগ ৪-১ গোলে পরাজিত করে ইতিহাস বিভাগকে। টাইব্রেকারে অর্থনীতি বিভাগের হয়ে গোল দেন ৪৭তম আবর্তনের রাব্বি, ৪৯তম আবর্তনের মামুন, ৪৫তম আবর্তনের সাগর, ৪৭তম আবর্তনের সিয়াম।
শিরোপা জিতে খুবই উচ্ছ্বসিত অর্থনীতি বিভাগের শিক্ষকেরা। অর্থনীতি বিভাগের প্রভাষক ইশতিহাক রায়হান শুভ জানিয়েছেন, “ছেলেরা দারুন খেলেছে। গতবার তারা অল্পের জন্যে হেরে যায়। কিন্তু সেই হার থেকে শিক্ষা নিয়ে তারা এবার মাঠে নেমেছিলো এবং ফলাফল হাতেনাতে পেয়েছে। ৪৯তম আবর্তন এবং ৫০তম আবর্তনের ছেলেরা বর্ষ সমাপনী পরীক্ষার পাশাপাশি যেভাবে খেলা চালিয়ে গিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ছেলেদের এই ডেডিকেশন দেখে আমরা মুগ্ধ।

“ট্রফি জেতার আনন্দ শ্যাডো নিউজকে জানিয়েছেন ৪৭তম আবর্তনের মো. আর রাফি সিয়াম। তিনি বলেছেন, ” আসলে ২০২০ এ যখন লাস্ট টুর্নামেন্টটা হয় সেবারেও আমরা ফাইনাল খেলেছিলাম। ইংরেজি বিভাগের সাথে ১-০ গোলে পিছিয়ে যেয়েও ১-১ ড্র নিয়ে মূল সময়ের খেলা শেষ করি আমরা। কিন্তু দূর্ভাগ্যবশত টাইব্রেকারে হেরে আমরা রানার আপ হই। তাই এবারের টুর্নামেন্টটা আমাদের সবার জন্যই ছিলো স্বপ্ন পূরণের টুর্নামেন্ট। খুব কাছে যেয়েও আমাদের অধরা ট্রফিটা ধরার টুর্নামেন্ট। আমাদের আড়াই বছরের আক্ষেপ ঘোচানোর টুর্নামেন্ট। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে এবার আমরা পেরেছি৷ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমরা সবাই খুব খুব খুশি আলহামদুলিল্লাহ। আক্ষেপ ঘুচিয়ে এবার স্বস্তি।”

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা এই টিমকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৪৫তম আবর্তনের নাইম নুর। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৪৯তম আবর্তনের আল মামুন জানিয়েছেন, “গতবার ফাইনালে গিয়ে হেরে যাওয়ার যে ক্ষোভটা সেটি ভিতরে পুষে রেখেছিলাম। এবার সেই ক্ষোভ এবং নাইম ভাই, হাজারী ভাই ও সাগর ভাইয়ের সঠিক দিকনির্দেশনায় আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ এবং আমরা আগামী বছরগুলোতেও আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

এই জয়ে বাধভাঙা উত্তাল উল্লাসে ভেসে যায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। আগামী টুর্নামেন্টগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী কাপগুলো নিজেদের হাতে উঠানোর প্রত্যাশা অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।