amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে শুরু হলো ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট

আলমগীর হোসেন সুমন
অক্টোবর ৩, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৪র্থ নোবিপ্রবি ন্যাশনাল সায়েন্স ফেস্ট–২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সকালে র‌্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে নোবিপ্রবিসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “নোবিপ্রবির সায়েন্স ফেস্ট একটি ব্যতিক্রমী আয়োজন। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমি আনন্দিত।” এবারের উৎসবে ৩৮টি স্কুল-কলেজ ও ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, বর্তমান প্রজন্মের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক প্রযুক্তি রয়েছে। শিক্ষা, গবেষণা ও প্রতিভা বিকাশে এসব প্রযুক্তির যথাযথ ব্যবহার করতে হবে। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপ-উপাচার্য ও সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় এবার চতুর্থ জাতীয় সায়েন্স ফেস্টের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও সৃজনশীলতা থেকে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে উৎসবে অংশগ্রহণ করছে। এসব প্রজেক্টের মধ্য থেকে সেরাদের নির্বাচিত করা হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদুজ্জামান, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নোবিপ্রবির বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স ক্লাবের উপদেষ্টা ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স ক্লাবের উপদেষ্টা ড. মো. আমজাদ হোসেন, ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা আবদুল করিম, সায়েন্স ফেস্টের প্রথম কার্যকরী কমিটির সদস্য মাহমুদ হাসান তুহিন এবং নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক সাদমান বিন রাকিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সায়েন্স ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া।
এবারের সায়েন্স ফেস্টে মোট নয়টি সেগমেন্ট রাখা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন ও রোবট লাইন রেস কম্পিটিশন।
নোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য থাকছে প্রোগ্রামিং কনটেস্ট, ই-স্পোর্টস, দাবা প্রতিযোগিতা ও ফটোগ্রাফি কনটেস্ট। অন্যদিকে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রজেক্ট শোকেজ ও সায়েন্স অলিম্পিয়াড।
নয়টি সেগমেন্টে মোট ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। দুই দিনব্যাপী এ আয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সায়েন্স ক্লাবের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।