বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৯ আগস্ট রচনা প্রতিযোগিতা ও ১০ আগস্ট বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আয়োজনে কীর্তনখোলা হল রুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।এসময় প্রতিযোগিতার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস, প্রক্টর ড. খোরশেদ আলম, প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য-সচিব এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, আয়োজক কমিটির সদস্য আলমগীর হোসেন শিপন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, টিএসসির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী আয়োজিত এ রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

