ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে ভালুকা পৌরসদরের ৪নং ওয়ার্ড এলাকায় নাহিদ সিকদার(২৪)কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।পরে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, গ্রেপ্তারকৃত নাহিদ সিকদার(২৪) ভালুকার আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনুর ঘনিষ্ঠ আত্মীয়। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার আনোয়ারের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা।
পুলিশ সূত্রে জানা যায়, ভালুকার পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় নাহিদ সিকদার তার নিজ বাসায় অবস্থান কালে ভালুকা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য নাহিদকে গ্রেপ্তার করে। পরে বিকেলে তাকে গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে ভালুকা মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলার (মামলা নং–৩০) ছাত্রলীগের অজ্ঞাত আসামি হিসেবে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য নাহিদ সিকদারকে সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

