amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বসন্তের আগমনী, ফুলের সমারোহে সজ্জিত চারপাশ

সালমা আক্তার
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বসন্ত! আমার কাছে শব্দটা বেশ প্রিয়।সিংহভাগেরই শীত ঋতু পছন্দের হলেও আমার কাছে বসন্তই সেরা। ফুলের সমারোহে এক নতুন সাজে সজ্জিত হয়ে ওঠে চারপাশ।

এখন অনেকেই বলতে পারেন এত ঋতু থাকতে এই বসন্ত নিয়ে এতো মাতামাতি কেন? আমি বলবো আমাদের জীবনটাই অনেকটা বাংলার ঋতুগুলোর মতো।গ্রীষ্মের দাবদাহের মতো কখনো জীবনকে অসহ্য লাগে, আবার কখনো কখনো বর্ষার অশ্রু ঝরায়। শীতের মতো রুক্ষতাও বিরাজমান হয়। তবে সব কাটিয়ে বসন্তের মতো নিজের জীবনকে সাজিয়ে নেয়াটাই শ্রেয়। বসন্তে যেমন গাছপালা নিজেদের সুন্দরতম করতে ব্যস্ত হয়ে ওঠে, কোকিলেরা নিজেদের সুর দিয়ে প্রকৃতির এই উজ্জীবিত হয়ে ওঠাকে জানান দেয়, আমাদেরও উচিত সকল গ্লানি মুছে প্রফুল্লচিত্তে জীবন স্রোতে ছুটে চলা, নিজের আনন্দিত সত্তাকে প্রকাশিত করা। তবেই না জীবনের আসল মানে খুঁজে পাওয়া যাবে।

একটা কবিতা পড়েছিলাম “তাহারেই মনে পড়ে ” শ্রদ্ধেয় কবি সুফিয়া কামাল এর লেখা। কবিতায় বেশ চমৎকার করে বসন্তের বর্ণনা থাকলেও কবির তার প্রতি কোনো আগ্রহই ছিলোনা। তিনি নিজের পুরোনো স্মৃতি ওরফে শীতের তিক্ততাকে ভুলতে পারেন নি।স্মৃতি ভুলা হয়তো সহজ নয়,আর ভুলাও যায় না।কিন্তু সেসবকে সাথে নিয়ে নতুনভাবে পথ চলা শিখতে হয়। যেটা বসন্ত শেখায় আমাদের।প্রকৃতি নিশ্চুপে আমাদের অনেক কিছুই বুঝিয়ে দেয়। “হটাৎ রোদ,হটাৎ নিঝুম বৃষ্টি আবার একদম রিক্ত,শূন্য, তিক্ত পরিবেশে বরফে জমে যাওয়া” এতো সব কিছুর পরেও প্রকৃতি শূন্য থেকে আবার নিজেকে সাজায় বসন্ততে।

আম,কাঁঠালের মুকুলের ঘ্রাণে মো মো করে চারপাশ। সেই সুবাসের মৌমাছিরাও গুন গুন সুরে এসে ব্যস্ত হয়ে যায় মধু সংগ্রহের কাজে।গোলাপ, শিমুল,কৃষ্ণচূড়া প্রভৃতি ফুলের মেলবন্ধন দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ।রাতের বেলা দক্ষিণা হাওয়ার মাতাল করা সুবাস যেন এক প্রশান্তি নিয়ে আসে।

রঙিন কৃষ্ণচূড়ার আগমনে পুরো রাস্তা যেন আরেকবার নতুন করে বরণ করে এই সৌন্দর্যকে, ঠিক স্কুল কলেজের নবীন বরণের মতোই।নতুন এক শহর দেখা যায় এই ইট পাথরের কুঠিতে। ভালোবাসার আমেজ নিয়ে আসে এই ঋতু। ভালোবাসার সব দিবস কিন্তু বসন্ততেই পড়ে। বসন্ত বিলাসের পরেই মানুষজন এই ভালোবাসার ঋতু উদযাপনে ব্যস্ত হয়ে যায়। যদিও আমার মতে ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন হয় না।তারপরও বসন্ত তো এমনই।সব কিছুই তার সুন্দর।

এ জন্যই হয়তো সব বিশেষ দিন তার মধ্যেই সমাহিত। বসন্তের কৃষ্ণচূড়ার রঙকেও কিন্তু কবি আমাদের চেতনার রঙের সাথে তুলনা দিয়েছিলেন। শহীদ ভাষা আন্দোলনকারীদের দুঃসাহসিক সংগ্রামের স্মৃতি বহন করে এই সময়টা। আর এই সংগ্রামের ইতিহাসের সাথেই উঠে আসে আমাদের বিজয়ের ইতিহাস। একটার সঙ্গে আরেকটার যোগসূত্র ভীষণভাবে নিবিষ্ট।সব ভালোর সূচনা যেনো এই বসন্ততেই।ভালো লাগার এক ঋতু এই বসন্ত।

লেখক: মোসাম্মদ সালমা আক্তার

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।