রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৫ম বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন অনুষ্ঠানে “সমাজ ও সংস্কৃতির উন্নয়নে গবেষণার মাধ্যমে নতুন সৃষ্টি জরুরী” বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম। তিনি বলেন,
‘মার্কেটিং হলো এপ্লাইড বিজনেস। মার্কেটিং-এর কাজ শুধু পণ্যদ্রব্য বিক্রয় ও প্রমোশন করাই নয়, একটি পণ্য বা সেবা সুলভমূল্যে কীভাবে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায়, সেটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি কোনো পণ্য বা সেবা সম্পর্কিত ক্রেতা অভিযোগ ও প্রত্যাশা বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে নতুন নতুন ধারণা সৃষ্টি সমাজ ও সংস্কৃতির উন্নয়নে অত্যন্ত জরুরি।’
৫ম বারের মতো বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে উদযাপন করা হয়েছে ৫ম বাংলাদেশ মার্কেটিং ডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দেশসেরা মার্কেটিং গবেষক প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
মার্কেটিং ডে উদযাপনের প্রাসঙ্গিকতা সম্পর্কে তিনি বলেন,
মার্কেটিং বিষয়ে উদ্বুদ্ধ করতে ও গুণগতমান বজায় রেখে সুলভমূল্যে পণ্যদ্রব্যের সঠিক সরবরাহে শিক্ষার্থীদের প্রত্যয়ী করতে এবং মার্কেটিং-এর একাডেমিক ও প্রফেশনালদের মধ্যে সমন্বয় সাধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি উদযাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ৫ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২২ অনুষ্ঠানটি মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (এমআইবি)-এর সার্বিক সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে মার্কেটিং ডে উদযাপন উপকমিটির আহবায়কের দায়িত্বে রয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

