amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নতুন জঙ্গি সংগঠনকে নিষিদ্ধের জন্য প্রথম আবেদন করে র‍্যাব: খন্দকার আল মঈন

এম রাসেল সরকার:
আগস্ট ১০, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’কে নিষিদ্ধ করার জন্য প্রথম আবেদন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে ৮ জন তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ তরুণদের পরিবার কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ তরুণদের উদ্ধারে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে র‍্যাব ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে একটি নতুন জঙ্গি সংগঠনের সক্রিয় থাকার তথ্য পায়। র‍্যাব জানতে পারে যে, এই সংগঠনের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করছে।

তিনি বলেন, পরবর্তীতে গত বছরের অক্টোবর থেকে দেশের বিভিন্ন স্থানে ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে নতুন এই জঙ্গি সংগঠনের আমির আনিসুর রহমান ওরফে মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাসহ সর্বমোট ৮২ জন এবং পাহাড়ে অবস্থান, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে জঙ্গিদের সহায়তার জন্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর ১৭ জন নেতা ও সদস্যকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, র‍্যাব ফোর্সেস নতুন এই জঙ্গি সংগঠনের কার্যক্রম সম্পর্কে তথ্যাদি প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে এবং সংগঠনটিকে নিষিদ্ধ করার জন্য আবেদন করে।

এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।