২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
২০২৫ সালে যারা এইচএসসি ও সমমানের পরীক্ষা দেবে, তাদের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালে সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে হয়। ৩০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৮ মে। ফলাফল দেওয়া হয় ২৮ জুলাই, ক্লাস শুরু হয় ৮ অক্টোবর।
২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে এই সূচিতে আসে পরিবর্তন।
২০২০ সালে পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়েছিল।
করোনাভাইরাস মহামারী শুরুর পর ২০২৩ সালে একটি বাদে সবগুলোতে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা হয়েছে। কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে পরীক্ষা হয়েছে ৭৫ নম্বরে। সেই পরীক্ষাও হয়েছিল পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

