প্রবাসের ব্যস্ত জীবনে থেকেও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দুবাই বিএনপি। সংগঠনের প্রয়াত সদস্য আলহাজ্ব মোহাম্মদ লোকমান হোসেনের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি। প্রিয় সহযোদ্ধার পরিবারের প্রতি এই সহযোগিতার মধ্য দিয়ে প্রবাসে থেকেও সাংগঠনিক দায়বদ্ধতা ও পারস্পরিক ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন নেতাকর্মীরা।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম লোকমান হোসেনের পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং দুবাই বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম (রফিক)। এ ছাড়া উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপি এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দের বলেন, একজন রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো কেবল আর্থিক সহযোগিতার বিষয় নয়; বরং এটি পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, সাংগঠনিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। মরহুম লোকমান হোসেনের পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে দুবাই বিএনপি প্রমাণ করেছে, দূরত্ব কখনো আন্তরিকতা ও দায়িত্ববোধের পথে বাধা হতে পারে না।
রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। সংগঠনের কোনো সহযোদ্ধা মৃত্যুবরণ করলেও তাঁর পরিবারের প্রতি দায়িত্ব ও ভালোবাসা শেষ হয়ে যায় না।
দুবাই বিএনপির এই উদ্যোগ প্রবাসী রাজনীতিতে মানবিক দায়িত্ববোধ, সাংগঠনিক সংহতি এবং সহমর্মিতার এক ইতিবাচক বার্তা বহন করছে। প্রবাসে অবস্থান করেও দেশের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।

