amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জবির ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জবি প্রতিনিধি:
নভেম্বর ১৭, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন এই সিদ্ধান্তের কথা জানান।

​সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

উপাচার্য ​অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, “প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

​এর আগে দিনের বেলায় বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন। পরে তারা ওই কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সোপর্দ করেন।

​এছাড়া শিক্ষার্থীরা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডোর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভেঙে ফেলেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম জানান, করিডোরে প্রতিকৃতিটি থাকার বিষয়ে শিক্ষার্থী নেতাকর্মীরা তাকে প্রশ্ন করেন এবং এর ব্যাখ্যা দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।