amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জবির কেন্দ্রীয় মিলনায়তনের নাজেহাল অবস্থা, বরাদ্দ পেলেও শুরু হয়নি সংস্কার কাজ

জবি প্রতিনিধি
মার্চ ৬, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

নাজেহাল অবস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনের। সংস্কার কাজের জন্য গত বছরের জুন মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আড়াই কোটি টাকা বরাদ্দ পেলেও এখনো কাজই শুরু হয়নি।

মিলনায়তনের ভেতরে প্রবেশ করলে দেখা যায় পুরো জরাজীর্ণ অবস্থা। ভাঙা চেয়ার, নষ্ট এসি, এবং নিজস্ব সাউন্ড সিস্টেম ও প্রজেক্টের না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। মিলনায়তনের তিনশ আসনের মধ্যে ৭০টির বেশি আসনই বসার একেবারে অনুপযোগী। সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে ১৫০টি আসনের কোনোটির হাতল ভাঙা, কোনোটির হেলান দেওয়ার অংশটি ভেঙে পড়ে গেছে। আবার কোনোটির গদি ছেঁড়া। সামনের সোফাগুলোর অবস্থা কিছুটা ভালো হলেও পেছনের দিকের চেয়ারগুলোর অধিকাংশই জরাজীর্ণ। ভিতরে প্রবেশ করলে যেকেউ বলবে এটি একটি পরিত্যক্ত কক্ষ । দেখে বুঝার উপায়ই নেই যে এখানে মাসে প্রায় বিশটির বেশি অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় অডিটোরিয়ামের তিনশত চেয়ারের মধ্যে ভালো চেয়ার খুঁজে পাওয়া যেন ভার।
২০২৩ সালে অডিটোরিয়ামকে সুন্দরভাবে মেরামত করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত এক সভার প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম কেন্দ্রীয় মিলনায়তনকে আধুনিকায়ন ও শিক্ষার্থীদের জন্য টয়লেট নির্মাণ করার আশ্বাস দিয়েছিলেন।
আশ্বাসের পরপরই ২০২৩ সালের ৭ জুন কেন্দ্রীয় মিলনায়তন আধুনিকায়ন ও টয়লেট নির্মাণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে দুই কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন সহায়তা’ খাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে শর্তসাপেক্ষে অবমুক্তিতে এ বরাদ্দ দেওয়া হয়। তবে টাকা বরাদ্দের নয় মাস পেরিয়ে গেলেও সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে অডিটোরিয়াম মেরামতের কাজ এখনো শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের এমন বেহাল দশা দেখে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় পড়াশোনার দিক দিয়ে প্রথম সারিতে গেলেও অবকাঠামোর দিক দিয়ে অনেক পিছিয়ে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনের অবস্থা অনেক খারাপ সেখানের চেয়ারগুলোর বেশির ভাগ ভাঙা সাথে অনেক ধূলাবালি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের, ৪ মার্চ (সোমবার) গনিত বিভাগের এবং ৫ মার্চ (মঙ্গলবার) পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরন ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অনেক শিক্ষার্থীকে গরমের কারনে হাতে মলট ও ভারী কাগজ নিয়ে বাতাস করতে দেখা যায়। কয়েকজন শিক্ষার্থীর সাথে অডিটোরিয়ামের বিষয়ে কথা বলে জানা যায়, অডিটোরিয়ামের এসি কাজ করে না, ফ্যানগুলোর অবস্থাও ভালো না, তাছাড়া চেয়ারের মধ্যে অনেক ধুলাবালি, অডিটোরিয়ামের পিছনে বিভিন্ন অকেজো আসবাবপত্র দিয়ে ঠাসা। এইসব অব্যবহৃত জিনিসপত্রের জন্য জায়গাটা নোংরা অবস্থায় পড়ে আছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, কেন্দ্রীয় মিলনায়তন আধুনিকায়ন ও টয়লেট নির্মাণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে দুই কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কিন্তু টাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়নি, টাকা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে। তাদের অধীনে হওয়ায় কাজ শুরু হতে দেরি হচ্ছে। আমি নিয়মিত ওদের সাথে যোগাযোগ করছি, গত ৫ মার্চও যোগাযোগ করেছি। তারা আমাদের একটা ড্রয়িং দেখিয়েছে এবং সেটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে স্বাক্ষরের জন্য পাঠাবে। অনুমোদন হলে এরপর কাজ শুরু করা যাবে।
এখনো অডিটোরিয়ামের কাজ শুরু হচ্ছে না কেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী বলেন, আমি শুনেছি ফাইলটি দক্ষিন সিটি মেয়রের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। সেখান থেকে অনুমোদিত হয়ে আসলে টেন্ডারর মাধ্যমে কাজ শুরু করতে পারবো। তিনি বলেন আপাতত সামনের ভাঙ্গা চেয়ারগুলা পিছনে সড়িয়ে রেখে প্রোগ্রাম চালিয়ে যেতে বলব সংশ্লিষ্টদের। ফাইলটির অবস্থা কতদূর এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-৪ এর সহকারী প্রকৌশলী মো. লুতফর রহমান এর সাথে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।