জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রবেশমুখে জবি ছাত্রলীগ নেতার বাইকের হর্ন না শোনায় এক সাংবাদিককে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ঢাকা রিপোর্ট ২৪.কম এ কর্মরত সাংবাদিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদস্য।
লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, বুধবার বেলা দেড়টায় আমি বিশ্ববিদ্যালয়ের ১নং (মেইন) গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার সময় পিছন থেকে বাইকের হর্ন দেন পরাগ হোসেন। হর্ন শুনতে না পাওয়ায় আমাকে ডেকে নিয়ে গালে চড়-থাপ্পর মারেন এবং গালাগালি শুরু করেন তিনি। এসময় পরাগ হোসেন জোরপূর্বক আমাকে সবার সামনে ক্ষমা চাইতে বলেন। কিন্তু ক্ষমা না চাওয়ায় পুনরায় তিনি আমাকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মারেন। এমন ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরাগ হোসেন বলেন, আমি বাইক নিয়ে যাওয়ার সময় হর্ন দিয়েছি কিন্তু সে হর্ন শুনেনি। তাই গাড়ি থেকে নেমে কোন ব্যাচ জিজ্ঞেস করে জাস্ট দুইটা থাপ্পর দিয়েছি। কোন শিক্ষার্থীর গায়ে হাত তোলার অধিকার আছে কিনা এই প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. মিনহাজুল ইসলাম বলেন, আমাকে অন্যায়ভাবে চড়-থাপ্পড় মারা হয়েছে। উল্টো আমাকেই সরি বলার জন্য জোর করেছেন। আমি সরি না বলায় আমাকে কলার ধরে বাইকে উঠিয়ে গণিত ভবনের ওইদিকে নিয়ে যান তিনি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বলেন, ক্যাম্পাসে কোনো ছাত্রের গায়ে হাত তুলা অন্যায়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হোক এবং জবি ছাত্রলীগে কোনো অপরাধীর ঠাঁই নেই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন,’অভিযোগ পায়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

