বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের নেট অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বাংলাদেশের জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার অনুশীলন চলাকালে সময় মুস্তাফিজের মাথায় বলের আঘাত লাগে। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করানো হয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল জানিয়েছেন, “প্রাকটিসের সময় একটি বল এসে মাথায় আঘাত করার পর মোস্তাফিজের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে ব্যান্ডেজ দেওয়া হয়”।
প্রাথমিকভাবে জেনেছি মুস্তাফিজের মাথায় পাঁচটি সেলাই করা হয়েছে। নিউরোসার্জন তাকে দেখেছেন। আপাতত কোনো শঙ্কা নেই। তিনি নিজের নাম বলতে পারছেন, সব বিষয়ে যোগাযোগ করতে পারছেন। কনকাশনেরও কোনো লক্ষণ নেই।”
ইম্পেরিয়াল হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের পরামর্শক ডা. মঈনউদ্দিন এম. ইলিয়াছ জানিয়েছেন, মূলত সতর্কতা হিসেবেই হাসপাতালে রাখা হয়েছে মুস্তাফিজকে।
মুস্তাফিজুর রহমান এখন ইম্পেরিয়াল হাসপাতালের নিউরোসার্জন টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার জিসিআই স্কেল ১৫/১৫৷ তিনি এখন শঙ্কামুক্ত। আশা করি, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে আমরা তাকে টিম হোটেলে নিয়ে যেতে পারব।”
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের শিকার দলের সর্বোচ্চ ১১ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা।

