ময়মনসিংহের ভালুকায় গাড়ি ভাড়া দেওয়ার পর পাওনা টাকা পরিশোধ না করা, ভাড়ায় দেওয়া গাড়ি অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ এবং বকেয়া টাকা চাইতে গিয়ে হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সিকদার।
জানা যায়, সাইফুল ইসলাম একটি পুরোনো টাটা ইন্ডিকা-২ গাড়ি কিনে মেরামতের পর ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর নজরুল ইসলামের কাছে ভাড়ায় দেন। এ সময় বিভিন্ন শর্তে স্ট্যাম্পে চুক্তি করা হয়। অভিযোগকারীর দাবি, গাড়ি ভাড়া বাবদ মোট ২ লাখ ৮৬ হাজার টাকা পাওনা থাকলেও অভিযুক্ত বিভিন্ন সময়ে মাত্র ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ২ লাখ ৬৬ হাজার টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। পাশাপাশি গাড়ি ফেরত না দেওয়ার কথা বলে হুমকি দেওয়ার অভিযোগও করেন সাইফুল ইসলাম।
এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

