ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জসিম মিয়া নামক এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে।
মৃত জসিম মিয়া (২২) আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে।
জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ মাদ্রাসা মাঠে আশ্রাফবাদ গ্রামের শিরন মিয়ার ছেলে জসিম একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলো। খেলা শেষে সন্ধ্যার দিকে এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন মিয়া তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাথাড়ি পেটায়। এসময় জসিম মাটিতে লুটিয়ে পড়লে তাকে আহত অবস্থায় এলাকাবাসী বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, সন্ধ্যার দিকে ক্রিকেট খেলা শেষে জসিম ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে পেটায় ইমন। হাসপাতালে আনার পর জসিম মারা যায়। ইমনকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

