চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা উল্টে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) নামে ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে পৌরসভার মুন্সির মসজিদ এলাকার উত্তরে আলমগীর কনভেনশন হলের সামনে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার নূরুল আলমের পুত্র এবং এক্সিম নামের একটি বেসরকারি ব্যাংকের নাজিরহাট শাখায় কর্মরত ছিলো বলে জানা গেছে।
জানাযায়, তিনি প্রতিদিনের মতো তার অফিসের কাজ শেষ করে সিএনজি চালিত একটি অটোরিকশা যোগে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাটি উল্টে যায়। এতে সেই অটোরিকশাতে থাকা সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করি এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

