amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের সমাবেশ: নেতাদের চাপে ভেঙে পড়েছে মঞ্চ

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুলাই ২২, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির তিন অঙ্গ সংগঠন আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ নেতাদের চাপে ভেঙে পড়েছে। তবে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মঞ্চে থাকা নেতাকর্মীরা।

শনিবার (২২ জুলাই) বেলা দুইটার কিছু আগে অনেকটা দুলতে দুলতে ভেঙে পড়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশ মঞ্চ।

জানা যায়, সকাল থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। অনেকে মঞ্চে উঠে পড়েন। সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাসের শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে।

সেখানে থাকা ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, হঠাৎ করে ভেঙে পড়লে বড় দুর্ঘটনা ঘটত। একটু সময় লাগায় অনেকে নেমে পড়েছেন।

চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক এই উদ্যানে জড়ো হন নেতাকর্মীরা। সময়ের সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি নতুন কর্মসূচি ঘোষণাও করতে পারেন।

ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আজকের তারুণ্যের সমাবেশ হচ্ছে। এর আগে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’করার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

এদিকে কাঠের তৈরি মঞ্চ অনেকটা মাটিতে পড়ে যাওয়ায় সেখানেই পরবর্তী কার্যক্রম চলছে। তারপরও অনেকে ভাঙা মঞ্চে উঠতে থাকেন। মাইকে বারবার মঞ্চ থেকে নেমে যেতে বলা হলেও অনেকে তোয়াক্কা না করে মঞ্চে উঠছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।