amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে বাস সিএনজির সংঘর্ষে শিশুসহ নিহত ৭, গুরুতর আহত ২

বোরহান উদ্দিন::
নভেম্বর ৭, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে বারোটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছে। তবে চালকের অবস্থা আশঙ্খাজনক বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহরিন আনোয়ার।

নিহতরা হলেন, পটিয়া মনসা বাদামতল সাতবাড়িয়া এলাকার মৃত শচীন্দ্র দাশের স্ত্রী চিনু দাশ (৪৭), মায়া দাশ (২৭), দিপ দাশ (৫), দিগন্ত দাশ (৪), শ্রাবন্তি দাশ (৪), বর্শা দাশ (৫), শুভ দাশ (২৭)। আহতরা হলেন, একই বাড়ির বাপ্পা দাশ (৩২) ও চালক ফটিকছড়ি বারমাসিয়া এলাকার বিপ্লব দাশ (২৭) তার অবস্থা আশঙ্খাজনক।

সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও আহতের সাথে কথা বলে জানা গেছে, হতাহতরা নগরীর বালুছড়া এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে (যার নং চট্টগ্রাম-থ ১৩- ০৮১৮) ফটিকছড়ি শাহানগরের উদ্দেশ্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ অপর একটি সিএনজি কে পাশ কাটিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-খাগড়াছড়ির একটি যাত্রীবাহী বাস (যার নং চট্টমেট্রো ব ১১-১৮০৮)’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুছরে পড়ে সড়কের উপর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাত্রীরা। এতে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী ছাড়া সবাই মারা যান। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক রেফার করে। এদিকে দুর্ঘটনার পর পরই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং যানচলাচল স্বাভাবিক করে। তবে ঘটনার পর পর বাসের চালক ও হেলপার সটকে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এসময় সড়কে লাশের পাশে ছড়িয়ে ছিল মিষ্টি, পান, শিশুর পুতুল, জুস, স্যান্ডেলসহ ব্যাগভর্তি কাপড় -চোপড় ও ব্যবহৃত মোবাইল। খন্ডিত দ্বিখন্ডিত লাশ দেখে অনেকের চোখে পানি ঝড়ছিল।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আহত বাপ্পা দাশ বলেন, নিহত চিনু দাশ তার মা। মায়া দাশ তার মামি। বাকীরা মামাত ভাই মামাতো বোন। মূলত মামির বাড়ি ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পটিয়া থেকে বের হয়েছেন। এভাবে সবাইকে চিরতরে হারিয়ে ফেলবেন জীবনে কল্পনাও করেন নি। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান বলেন, বিষয়টি আমাদের উর্ধ্বতন মহলে অবগত করা হয়েছে। সরকারিভাবে যা করণীয় করা হবে। মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, লাশ হাইওয়ে থানাকে হস্তান্তর করা হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন, সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত লাশের আইনগত প্রক্রিয়া চলমান। এদিকে দুর্ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটির মাঝে ডিভাইডার না থাকায় বার বার দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে আসছে। আন্দোলন করেও কোন সুরাহা মিলছে না। দিন দিন বিপদজনক হয়ে উঠছে সড়কটি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।