জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগে থেকেই সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতসহ সমমনা জোটগুলো। সেই বিষয়টি আমলে নিয়ে আগাম নিরাপত্তাব্যবস্থার ছক এঁকেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী অরাজকতা করে পরিস্থিতি যাতে ঘোলাটে করতে না পারে, সেদিকে নজর রেখেছে তারা। পাশাপাশি চলমান অবরোধের বিষয়টিও মাথায় রেখেছে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। আর এ জন্য তারা ঢাকাসহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে। বাড়িয়েছে তল্লাশিচৌকি। বিশেষ করে ঢাকার প্রবেশদ্বারগুলোতে বেড়েছে তল্লাশি। পাশাপাশি কোনো গোষ্ঠী যাতে গুজব তুলে পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সেদিকেও নজর রাখবে পুলিশ। গুজব ঠেকাতে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির আইসিটি সেল শাখা সতর্ক আছে। তফসিল ঘোষণার পরই অবৈধ অস্ত্র জব্দ করতে মাঠে নামবে পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে পুলিশ ঢাকাসহ সারা দেশে বৈধ অস্ত্র জমা নেওয়া শুরু করেছে। ২০১৪ সালে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। আগুন-সন্ত্রাস বেড়ে গিয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখে পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিন মঙ্গলবার রাতে খবরের কাগজকে জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে নজর আছে তাদের। ডিএমপি নগরবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মঙ্গলবার রাতে জানান, তফসিল ঘোষণার পর র্যাব সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।

